বাংলালিংকের ২৫৯টি টেলিকম টাওয়ার নির্মাণ করবে

২৬ নভেম্বর, ২০২০ ২২:৪৮  
বাংলালিংকের ২৫৯  টেলিকম টাওয়ার নির্মাণ করবে সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সামিট টাওয়ার্স।  বিল্ড-টু-স্যুট ভিত্তিতে বাংলালিংককে সাথে নিয়ে এসটিএল ২০২১ সালের জানুয়ারি মাস নাগাদ এই টাওয়ারগুলো স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টাওয়ার নির্মাণকাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলালিংকের চেয়ারম্যান ও ভিয়ন-এর গ্রুপ কো-সিইও সার্গে হেররো বলেন, “আমরা বাংলাদেশকে প্রবৃদ্ধির অপার সম্ভাবনার দেশ হিসেবে দেখি। ডিজিটাল সেবার সম্ভাবনা বিবেচনায় আমরা বাংলালিংকে নেটওয়ার্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছি যার ফলে সাম্প্রতিক সময়ের নেটওয়ার্কের সক্ষমতার উন্নতি হয়েছে। সামিটের সাথে এই চুক্তির ফলে, বাংলালিংকের নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন গতির সঞ্চার হবে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সামিটের অনবদ্য অবদান আমাদের উপর ভরসা দিয়েছে আমাদের এই ডিজিটাল যাত্রা সঙ্গী হিসেবে বেছে নিতে। বাংলালিংক সরকারের ডিজিটাল নীতি বাস্তবায়নে সহযোগিতা করতে দৃঢ়ভাবে অর্পিত। টেলিযোগাযোগ শিল্পে সমান- সুযোগ আর নীতি অনুকূলে থাকলে ভিয়ন ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করে যাবে।” সামিট টাওয়ার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও আরিফ আল ইসলাম বলেন, “প্রথম টাওয়ার কোম্পানী হিসেবে নতুন টাওয়ারকো নীতিমালার আওতায় অনুমোদিত সার্ভিস লেভেল চুক্তির ভিত্তিতে টাওয়ার সেবা শুরু করতে পেরে আমরা সত্যিই গর্বিত। সামিট গ্রুপ গত চার দশক ধরে দেশের অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। এক দশক আগে সামিটের ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং গেটওয়ে স্থাপনের মাধ্যমে টেলিকম অবকাঠামো উন্নয়নখাতে প্রবেশ করে এবং এখন তাতে টাওয়ার অবকাঠামো নির্মাণ নতুন করে পোর্টফোলিওতে যুক্ত হলো। জাতীয় পর্যায়ে আসন্ন ৫জি নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে আমাদের জন্য এটি একটি অনন্য সুযোগ। আমাদের প্রতি আস্থা রাখবার জন্য বাংলালিংকে আমরা কৃতজ্ঞ। এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে বাংলালিংককে সম্ভাব্য সর্বোত্তম সেবা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস বলেন, “দেশজুড়ে বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক সম্প্রসারণ প্রচেষ্টায় অংশীদার হওয়ার জন্য আমি সামিটকে ধন্যবাদ জানাতে চাই। তাদের অবকাঠামো-সহায়তা আমাদের নিশ্চিতভাবে আগামীতে এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা সরকারের সকল উদ্যোগকে স্বাগত জানাই যা এই শিল্পে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে গ্রাহককে উপকৃত করে, তাদের এই প্রচেষ্টার আমরা সমাদর করি। এমন উদ্যোগ “ডিজিটাল বাংলাদেশের” অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে।” ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ আফজাল হোসেন,বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর, সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ভাইস-চেয়ারম্যান ফরিদ খান, গ্রুপ সিইও ভিয়ন গ্রুপ সার্গে হেরেরো, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, সামিট গ্রুপের পরিচালক ফাদিয়া খানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।